রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি/পিওএসভি) ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল (৩০ সেপ্টেম্বর) সকালে শেষ হওয়া এই পরীক্ষা ইউনিটটির কমিশনিং প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
এনপিসিবিএল জানায়, ২৯ সেপ্টেম্বর রাতে পরীক্ষা শুরু হয়। মেইন কন্ট্রোল রুম (এমসিআর) ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ইসিআর)—উভয় স্থান থেকেই এটি পরিচালনা করা হয়।
পরীক্ষার সময় প্রকৌশলীরা কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করেন। সেগুলো সন্তোষজনকভাবে কাজ করার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভগুলোর (এমএসভি) কার্যকারিতা ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।
এ সময় ভালভের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যকারিতা, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ার বিভিন্ন প্যারামিটার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
কর্মকর্তারা জানান, অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা শুরুর আগে এবং চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ সুরক্ষার ব্যবস্থাও যাচাই করা হয়।
এনপিসিবিএলের কর্মকর্তাদের মতে, পিওআরভি পরীক্ষা সফলভাবে শেষ হওয়া কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। চুল্লির প্রাইমারি সার্কিটে নিরাপদ চাপ বজায় রাখতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা জানান, কমিশনিংয়ের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং ও নিরাপত্তা নিশ্চিত করার পরই প্রতিটি পরীক্ষা করা হচ্ছে।
এনপিসিবিএলের কর্মকর্তারা বলেন, “সময়সূচি ঠিক রাখার জন্য নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।”
পরবর্তী ধাপে প্রায় ১৮ এমপিএ চাপে পরীক্ষা চালানোর কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে প্রতিটি পর্যায় যাচাই করে পরবর্তী কার্যক্রমে এগোবে।














