হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: ‘সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন। প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, চ্যানেল আই একটি ঐতিহ্যবাহী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। বরগুনার সার্বিক অসংগতি, অনিয়ম এবং সাধারণ মানুষের দাবি-দাওয়াগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে—এটাই চ্যানেল আইয়ের কাছে মানুষের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, অ্যাডভোকেট সোহেল হাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ্। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের বরগুনা জেলা প্রতিনিধি রাসেল মাহমুদ। চ্যানেল আইয়ের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।



















