• Home
  • বিনোদন
  • চলে গেলেন টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী স্টেফানি
Image

চলে গেলেন টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী স্টেফানি

ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় মুখ ও বর্ষীয়ান অভিনেত্রী স্টেফানি কোল আর নেই। ৮৪ বছর বয়সে মারা গেছেন তিনি। ‘করোনেশন স্ট্রিট’, ‘ওয়েটিং ফর গড’ ও ‘ওপেন অল আওয়ার্স’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য দর্শকের কাছে বিশেষ পরিচিত ছিলেন এই অভিনেত্রী।

দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার এজেন্ট জন গ্রান্ট। পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্টেফানি কোল। কয়েক বছর ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন তিনি। বিবৃতিতে বলা হয়, স্টেফানি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। থিয়েটার ও টেলিভিশনে তার দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারে তিনি অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তার প্রিয় সব চরিত্রের মাধ্যমে তিনি লাখো মানুষের মনে আনন্দ ছড়িয়ে দিয়েছেন।

২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত জনপ্রিয় ব্রিটিশ ধারাবাহিক ‘করোনেশন স্ট্রিট’-এ সিলভিয়া গুডউইন চরিত্রে অভিনয় করেন কোল। সেখানে তিনি রয় ক্রপার চরিত্রের মায়ের ভূমিকায় ছিলেন। এই অভিনয়ের জন্য তিনি ব্রিটিশ সোপ অ্যাওয়ার্ডে সেরা কমেডি পারফরম্যান্সের পুরস্কারও পান। ১৯৯০-এর দশকের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ওয়েটিং ফর গড’-এ অবসরপ্রাপ্তদের আবাসিক প্রতিষ্ঠানের বাসিন্দা ডায়ানা ট্রেন্ট চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এই কাজের জন্য ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

স্টেফানি কোলের অভিনয়জীবন শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ ছিল না। ‘টেনকো’, ‘এ বিট অব আ ডু’, ‘ডক মার্টিন’, ‘স্টিল ওপেন অল আওয়ার্স’, ‘দ্য ক্লিনার’, ‘জেন্টলম্যান জ্যাক’ এবং ‘টকিং হেডস: সোলজারিং অন’-এর মতো বেশ কিছু আলোচিত প্রযোজনায় দেখা গেছে তাকে। ‘ওপেন অল আওয়ার্স’-এ মিসেস ফেদারস্টোন চরিত্রে অভিনয়ের পর পরবর্তী সময়ে ‘স্টিল ওপেন অল আওয়ার্স’-এও একই চরিত্রে ফিরেছিলেন তিনি।

থিয়েটারেও ছিল তার দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার। ‘কিং লিয়ার’, ‘আ প্যাশনেট ওম্যান’ এবং ‘নোয়িজেস অফ’-এর মতো মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতেও সক্রিয় ছিলেন কোল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য দীর্ঘদিন কাজ করেছেন তিনি। স্টেফানি কোলের মৃত্যুতে ব্রিটিশ টেলিভিশন ও থিয়েটার অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »