স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবলে নেমে এসেছে আরও বড় বিপর্যয়। এএফসি এশিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর এবার এশিয়ান গেমসের শুরুতেই সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে পিটার বাটলারের দল। এটি বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়।
এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর আর এত বড় ব্যবধানে হারেনি লাল-সবুজেরা।
ম্যাচের আগের দিনই তরুণদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন কোচ পিটার বাটলার। তাই ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারদের বেঞ্চে রেখে মোমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস ও সুরভী আফরিনদের মতো তরুণদের নিয়ে একাদশ সাজান তিনি। তবে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে এই সিদ্ধান্তের মাশুল দিতে হয় বাংলাদেশকে। প্রথমার্ধেই ৭ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দল।
ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম ও দশম মিনিটে দুটি গোল করেন জন রয়োং জংয়ে। এরপর আরও পাঁচবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়া। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে রাই সং, ৬০ মিনিটে জং জুম এবং শেষদিকে আরও দুই গোলে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।
দ্বিতীয়ার্ধে ঋতুপর্ণা, মনিকারা মাঠে নামলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি উত্তর কোরিয়ার হাতে। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।



















