• Home
  • জাতীয়
  • একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, চলছে ব্যাপক প্রস্তুতি
Image

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, চলছে ব্যাপক প্রস্তুতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করেছে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ নেন।

পরিদর্শন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তিনি যাতে স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজ সিসিক নিয়মিতভাবে করে আসছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শনিবার সমন্বয় সভা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »