হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: বরগুনার সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মৎস্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে ২৩ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়।
সভায় বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিষখালী ও পায়রা নদীতে সেতু নির্মাণ, বরগুনায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, আইসিইউ-সিসিইউ চালু, পর্যাপ্ত চিকিৎসক ও বিভিন্ন দপ্তরে শূন্যপদে জনবল নিয়োগের দাবি জানানো হয়।
এছাড়া জেলেদের নিরাপত্তায় জলদস্যু দমন, অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ, গভীর সাগরে মোবাইল নেটওয়ার্ক ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, কোস্টগার্ডকে আধুনিক নৌযান প্রদান, পর্যটন শিল্পের উন্নয়ন, শিল্পকারখানা স্থাপন, কৃষি ও মৎস্য গবেষণা কেন্দ্র, আবহাওয়া অফিস এবং বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের দাবি উঠে আসে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, পুলিশ সুপার কুদরত ই খুদা, সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আঃ হান্নান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।
কর্মকর্তারা প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করে বরগুনার উন্নয়নে প্রস্তাবিত দাবিগুলো বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

















