ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দুটি আলমিরা ভেঙে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত তিনটার পর কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছেন বাড়ির লোকজন। প্রবাসী জাবেদ হোসেনের দোতলা বাড়ির নিচতলা ও উপরতলার দুটি কক্ষের আলমিরা ভাঙা অবস্থায় পাওয়া যায়। ঘরের বিভিন্ন জিনিসপত্রও এলোমেলো করে রাখা হয়।
ভুক্তভোগী প্রবাসী জাবেদ হোসেন চৌধুরী , পিতা মরহুম আব্দুল বারিক চৌধুরী , উত্তর যশপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, রোববার রাত ১টার দিকে ওমান থেকে তিনি বাড়িতে ফেরেন। তাকে বিমানবন্দর থেকে আনতে পরিবারের সদস্যরাও ঢাকায় গিয়েছিলেন। রাত ১টার দিকে সবাই বাড়িতে ফেরার পর একটি কক্ষে পরিবারের সদস্যরা গল্পগুজব করছিলেন।
পরিবারের সদস্যদের ধারণা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার সুযোগে কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে লুকিয়ে থাকতে পারে। ওই সময় বিদ্যুৎ না থাকায় বাড়ির সিসি ক্যামেরাও বন্ধ ছিল।
পরে রাত তিনটার পর পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে পড়েন, তখন দুর্বৃত্ত ঘরের বিভিন্ন কক্ষে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। এরপর দুটি আলমিরা ভেঙে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
জাবেদ হোসেনের ভগ্নিপতি জালাল আহমেদ বলেন, যে কক্ষে স্বর্ণালংকার রাখা ছিল, সেখানে জাবেদের মা থাকতেন। ওই সময় তার পায়ে ব্যথা থাকায় তিনি ছোট বউমার কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে চুরির ঘটনা তিনি টের পাননি।
পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এছাড়া ওয়াইফাইয়ের সরঞ্জামও নিয়ে গিয়ে বাইরে ফেলে রাখা হয়েছে। ঘরের অন্যান্য মালামালও এলোমেলো করে রাখা হয়।
ফজরের আজানের পর পরিবারের সদস্যরা নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখেন, বিভিন্ন কক্ষের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো। এ সময় বাড়ির বড় বউ এর স্বামী কুয়েতে অবস্থানরত প্রবাসী লোকমান হোসেন চৌধুরীকে ফোন করে বিষয়টি জানান। পাশাপাশি ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন থাকার কথাও জানানো হয়।
পরে কুয়েত প্রবাসী লোকমান হোসেন চৌধুরী স্থানীয় মসজিদের ইমামকে ফোন করে বাড়িতে যাওয়ার অনুরোধ করেন। তারা বাড়িতে গিয়ে দেখতে পান, মূল ফটকে তালা দেওয়া এবং পেছনের দিকে রান্নাঘরের একটি দরজা খোলা রয়েছে।
পরিবারের সদস্যদের ধারণা, আশপাশের কোনো চোর এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন প্রবাসী জাবেদ হোসেন চৌধুরী।















