মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও রাজনীতিবিদ তৌহিদুল ইসলামের মৃত্যুতে জেলা পরিষদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে রোববার (৩০ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তৌহিদুল ইসলাম। তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়।
শোকসভায় মরহুম তৌহিদুল ইসলামের কর্মময় রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখ প্রমূখ।এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল মিনহাজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তৌহিদুল ইসলাম ছিলেন পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ ও প্রবীণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা পঞ্চগড়ের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
তারা বলেন, পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করে তৌহিদুল ইসলাম স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দলীয় রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালনকালে তিনি জেলার মানুষের কল্যাণে কাজ করেছেন।
শোকসভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন আলোচনা সভা শেষে জেলা পরিষদ প্রশাসকের ব্যবহৃত কলম স্মৃতি হিসেবে তাঁর পরিবারের হাতে তুলেদেন এবং পরে তৌহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

















