কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, গবাদিপশু, ফ্রিজ, আসবাবপত্র, ধান-চাল ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতছড়া গ্রামের মোসলেম উদ্দিনের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিন পরিবারের ঘরবাড়িতে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু, নগদ টাকা ও খাদ্যশস্যসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মজিবর রহমানের পাঁচটি গরু, চারটি ছাগল, একটি ফ্রিজ, ধান-চাল ও আসবাবপত্র পুড়ে গেছে। তৈয়বুর রহমানের দুটি গরু, চারটি ছাগল, ফ্রিজ, আসবাবপত্রসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মশিয়ার রহমানের একটি গরু, তিনটি ছাগল ও ঘরবাড়ি পুড়ে গেছে। এছাড়া মোসলেম উদ্দিনের একটি ঘর, পাঁচটি ছাগল, ফ্রিজ, আসবাবপত্র, ধান-চাল, পাট এবং নগদ ১ লাখ ৮০ হাজার টাকা পুড়ে গেছে।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত চার পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। তারা সরকারি-বেসরকারি সহায়তার জন্য বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা তৈরি করে সরকারি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি তহবিল থেকে তাদের ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।


















