পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন দেওয়া এবং চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা রিনা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আসছিলেন। গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে প্রেসক্রিপশন লিখে ওষুধ দেন তিনি। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসিটিতে অভিযান চালানো হয়। অভিযানে দোকানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, দুপুরে আমরা দোকানে এসে বিভিন্ন টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পাই, যার অনুমতি তার কাছে ছিল না। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখারও অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ধারা তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডের নির্দেশনা দেওয়া হয়েছে।














