পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুঁলিয়ায় নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসাইন জন সেবক হিসেবে তার দায়িত্ব পালন করবেন বলে তার অফিসিয়াল ভেরী ফাইড ফেইসবুক পেজে একটি পোস্ট দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি সেখানে বলেন নতুন এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় অঙ্গীকারেরও। শুরুতেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি ।যতদিন তেতুলিয়ায় দায়িত্বে থাকব, ততদিন একজন সেবক হিসেবে আপনাদের সুখে-দুঃখে, ভালো সময়ে ও যেকোনো আপদে সর্বদা পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
তিনি সেখানে উল্লেখ করেন যে ,গত ২৭ আগস্ট হিমালয়ের পাদদেশে অবস্থিত, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এবং ঐতিহ্য-সম্ভাবনায় সমৃদ্ধ তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।এই জনপদের প্রকৃত মালিক আপনারাই। আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনাদের সেবা করার সুযোগ পাই। আপনাদের মুখে হাসি ফোটাতে পারা, একটি সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারা কিংবা একজন মানুষের জীবনকে সামান্য হলেও সহজ করে দিতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তেঁতুলিয়ার মানুষের কল্যাণে শিক্ষার প্রসার, নারী ও শিশুদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ, পরিবেশ সংরক্ষণ, কৃষি ও পর্যটনের সম্ভাবনার বিকাশ এবং নাগরিক জীবনের মানোন্নয়নসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আন্তরিকভাবে কাজ করতে চাই।এই কর্মযাত্রায় আপনাদের সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো ইতিবাচক অর্জন এই জনপদের মানুষেরই অর্জন হয়ে থাকবে।
ওই অফিসিয়াল ফেইজবুক পেজে তিনি আরও বলেন বস্তুনিষ্ঠ যেকোনো অভিযোগ, সমস্যা কিংবা পরামর্শ নিয়ে আপনাদের জন্য আমার দপ্তরের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। কোনো নাগরিক হয়রানির শিকার হলে কিংবা সরকারি সেবা গ্রহণে কোনো অনিয়ম বা অসুবিধার সম্মুখীন হলে বিনা দ্বিধায় সরাসরি আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।
আমার দপ্তরের কোনো ত্রুটি, সীমাবদ্ধতা বা অনিয়ম চোখে পড়লে সবার আগে সরাসরি আমাকে অবহিত করবেন। আপনাদের কথা শুনতে এবং যথাসম্ভব আইনানুগভাবে প্রতিকারের উদ্যোগ নিতে আমি সর্বদা প্রস্তুত।উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বের অধিকাংশ কার্যক্রমই রাষ্ট্রীয় আইন, বিধি, পরিপত্র ও নীতিমালা দ্বারা পরিচালিত। আইনের পরিসীমার মধ্যে থাকা আপনাদের যেকোনো যৌক্তিক আবেদন ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।তবে কোনো বিষয় আইন বা বিধি দ্বারা অনুমোদিত না হলে, ব্যক্তিগতভাবে সদিচ্ছা থাকা সত্ত্বেও তার বিপরীতে কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয় না। আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন একান্তভাবে কামনা করছি।
পরিশেষে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন উপজেলার আপামর জনসাধারণ, সুধীমহল, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী সমাজ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন।






















