নতুন সার ডিলার নিয়োগের জন্য পরিপত্র জারি করা হবে
পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে সার সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে।যেহেতু কৃষকদের লাইনে দাঁড়িয়ে সার নিতে হয় এ জন্য শূণ্য পদে ডিলার নিয়োগ দেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে নিয়োগ পাওয়া অনেক সার ডিলার একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অনেকে বর্তমানে এলাকায় নেই বা পলাতক। ফলে পর্যাপ্ত সার সরবরাহের পরও কোনো কোনো ডিলার তাদের গুদাম থেকে কৃষকের মধ্যে যথাযথভাবে সার বিতরণ করছেন না। কেউ কেউ কৃত্রিম সংকট তৈরিরও চেষ্টা করছেন।
তিনি বলেন, উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে পঞ্চগড়ে সার নিয়ে কোনো সংকট বা কৃত্রিম সংকট তৈরি হয়নি। এ জন্য জেলা প্রশাসকসহ কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। তবে ক্ষুদ্র কৃষকেরা সময়মতো সার না পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি বলেন, ১০, ১৫ বা ২০ কেজি সার কিনতে গিয়ে অনেক কৃষককে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দুই-তিন দিন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এ সমস্যা সমাধানে সরকার নতুন করে ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পর্যালোচনায় দেখা গেছে, অনেক ইউনিয়নে ডিলার না থাকলেও পাশের ইউনিয়ন বা উপজেলার বাসিন্দারা এসে সেখানে ডিলারশিপ নিয়েছেন। এতে সার বিতরণে জটিলতা ও কৃত্রিম সংকট তৈরি হওয়ার সুযোগ থাকে। প্রতিটি ইউনিয়নে একজন করে স্থানীয় বাসিন্দাকে সার ডিলার নিয়োগের সুযোগ রেখে নতুন একটি পরিপত্র জারি করা হবে। পাশাপাশি কমপক্ষে ২৫ টন সার সংরক্ষণের উপযোগী নিজস্ব বা ভাড়া করা গুদাম থাকতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে যারা সারের পরিবেশক আছেন, তাদের পাশাপাশি আরও একজন করে ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকের কাছে সহজে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি বন্ধে কঠোর মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, সরকারি নির্ধারিত ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকার সার কোনোভাবেই ১ হাজার ৭০০ বা ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করা যাবে না।
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা ,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও চেম্বারের সভাপতি শরিফ হোসেন এবং অপর চার উপজেলা নির্বাহী অফিসারগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
















