• Home
  • খেলা
  • আবার রুবেলের ঘূর্ণি জাদু, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
Image

আবার রুবেলের ঘূর্ণি জাদু, বাংলাদেশের হ্যাটট্রিক জয়

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। সোমবার (২৪ আগস্ট) ভিক্টোরিয়া সিএ একাদশকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি।

ডারউইনে টস জিতে আগে ব্যাট করে ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া সিএ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক স্যাম হার্পার। ৩৬ বলের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া উইল সাদারল্যান্ড করেন ৩০ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মো. রুবেল। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। রাকিবুল হাসান ২৮ রানে শিকার করেন ৩ উইকেট।

জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৩ রানের মধ্যে ফিরে যান হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম। তবে এরপর জিশান আলম ও সাব্বির রহমানের ছোট জুটির পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারী।

ইরফান ৩২ বলে ৪৩ রান করে আউট হলেও শামীম ছিলেন অবিচল। ৩৩ বলে অপরাজিত ৫১ রানের ঝোড়ো ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তার ব্যাটেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। শেষ দিকে আবদুল গাফফার সাকলায়েনের ৪ বলে ৬ রানের ছোট্ট অবদানে ১৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। উইনিং রানটি অবশ্য শামীমের ব্যাটেই আসে, হাঁকান বিশাল ছক্কা।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ এইচপি। টুর্নামেন্টে এর আগে নেপাল ও হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষেও জয় পেয়েছিল তারা। তিন ম্যাচে তিন জয় নিয়ে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »