সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আবারও দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সোমবার (২৪ আগস্ট) পরবর্তী কর্মসূচি নির্ধারণে দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সরকারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন করে আন্দোলনের ধরন ও কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।
এর মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য লিখিতভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুতির বিষয় রয়েছে।
রোববার দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হবে। দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও আলোচনায় থাকবে। এ জন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
আরও পড়ুন: প্যাকেটজাত খাবারে লবণ-চিনি নিয়ন্ত্রণের দাবিতে ভোলায় কর্মসূচি
এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। তাদের দাবি, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নতুন করে আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে।
সিজেপি নেতাদের মতে, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত শুনানির পর পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলটির দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির জন্য আদালত একাধিকবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে।
সিজেপির দাবি, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা আদালতে জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। তাদের ভাষ্য, ওই তালিকা পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিলের সুযোগ তৈরি হতে পারে।
তবে আদালতের নির্দেশের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি আরও বলেছে, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি এখনো পূরণ হয়নি।
আন্দোলন-সংশ্লিষ্ট এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ‘সম্মানজনক ক্ষতিপূরণ’ দেওয়ার লিখিত নিশ্চয়তার মতো দাবিতে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি করেছে সিজেপি। সরকারের প্রতিনিধিরাও এসব বিষয়ে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি বলে অভিযোগ দলটির।
সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিত করা ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। এটিকে কোনোভাবেই দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে দলটি।















