বাংলাদেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।শনিবার (২২ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘কোনো শর্ত দিয়ে নয়, তবে বাংলাদেশের মানুষের ইন্টারেস্টকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। ’এদিকে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করবে। অন্যদিকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।















