ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, এই নিষেধাজ্ঞা শুধু ইরানের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক চাপ নয়; বরং সব সরকারের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা।শনিবার (২২ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইসমাইল বাঘেয়ি বলেন, “নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর নিজেদের বহিঃরাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।তার দাবি, কোনো দেশের বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার এখতিয়ার অন্য কোনো রাষ্ট্রের নেই। ”
ইরানের এই মুখপাত্রের মতে, এ ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো বৈধ ভিত্তি নেই। একই সঙ্গে এগুলো জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় স্বীকৃত রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার নীতিরও পরিপন্থী।বাঘেয়ি অর্থনৈতিক জবরদস্তিকে ‘আন্তর্জাতিক অপরাধ ও অন্যায় কাজ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞার সঙ্গে যদি নৌ অবরোধও যুক্ত করা হয়, তাহলে অন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব একটি শক্তিশালী দেশের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়বে।মার্কিন চাপের বিরুদ্ধে ইরানের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “এ ধরনের ভীতি প্রদর্শনের কাছে কোনো দেশ নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। ”একই সঙ্গে এটি প্রকাশ্য ও পূর্ণাঙ্গ ঔপনিবেশিকতার এক ভয়াবহ প্রত্যাবর্তনের পথ তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

















