দেশে সংক্ষিপ্ত সফর শেষে চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানের সময় তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো ছিল বলে জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়।
তিনি বলেন, বাবাকে (ইলিয়াস কাঞ্চন) আর কেমোথেরাপি নিতে হবে না। চিকিৎসার পরবর্তী ধাপে তাকে ইমিউনোথেরাপি দেওয়া হবে। চিকিৎসকেরা তার সুস্থতার বিষয়ে আশাবাদী বলেও জানান তিনি। পাশাপাশি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজুল মইন জয়।
লন্ডনে ফেরার আগের রাতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দীর্ঘ সময় কথা হয় নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের। প্রায় পাঁচ ঘণ্টার সেই আলাপে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেতা। একই সঙ্গে নিজের প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ সড়ক চাইকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চন বারবার তার জন্য দোয়া করতে এবং নিরাপদ সড়ক চাইয়ের কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে অনুরোধ করেছেন। সংগঠনটিকে আরও শক্ত অবস্থানে দেখতে চান বলেও জানান তিনি।
২০২৫ সালের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরোপুরি তা অপসারণ করা সম্ভব হয়নি। পরে তার ব্রেন ক্যানসার শনাক্ত হওয়ার কথা জানানো হয়।
এরপর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। এবার লন্ডনে ফিরে মাউন্ট ভার্নন হাসপাতালে আবারও চিকিৎসা নেবেন ইলিয়াস কাঞ্চন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি পরবর্তী চিকিৎসা কার্যক্রমও চলবে।


















