রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে। বিলটি আইনে পরিণত হলে রুশ তেল কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর বড় ধরনের বাণিজ্যিক চাপ তৈরি হতে পারে।
শুক্রবার মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। এখন এটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হবে। দুই কক্ষে বিলটি পাস হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হবে।
বিলে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল বা অন্যান্য জ্বালানি কেনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করছে। তাই এসব দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রশাসনকে দেওয়ার কথা বলা হয়েছে।
এতে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা দেশগুলো। বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এছাড়া স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান ও জাপানও রুশ জ্বালানির ক্রেতা হিসেবে রয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই রাজস্বের প্রবাহ বন্ধ করতেই বিলটি আনা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
সিনেটে বিল পাসের পর ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন সিনেটর বলেন, ইউক্রেনের মানুষ একা নয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেন দখল করতে পারবেন না।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিলের বিষয়টি নয়াদিল্লি পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জাতীয় স্বার্থ এবং ১৪০ কোটি মানুষের জ্বালানি চাহিদা বিবেচনায় নিয়ে এ বিষয়ে নীতি নির্ধারণ করা হবে।
বিলটি এখন মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। সেখানে অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর করলে রুশ জ্বালানি কেনা দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের পথ খুলে যাবে।



















