• Home
  • আন্তর্জাতিক
  • মোদি-নেতানিয়াহুর ফোনালাপ, ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার চায় ভারত
Image

মোদি-নেতানিয়াহুর ফোনালাপ, ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার চায় ভারত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ভারত-ইসরাইলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিও পর্যালোচনা করেন।বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বিষয়টি জানান।

তিনি লিখেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন পেয়েছি। সময়ের সঙ্গে আরো সুদৃঢ় হওয়া ভারত-ইসরাইলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতে অগ্রগতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার এবং দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে আরো বলা হয়, ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে গত ফেব্রুয়ারিতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে দুই দিনের সফরে ইসরাইল যান নরেন্দ্র মোদি। সফরকালে দুই নেতা ২০১৭ সালে মোদির ঐতিহাসিক ইসরাইল সফর এবং ২০১৮ সালে ভারতে নেতানিয়াহুর সফরের স্মৃতিচারণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই দুটি সফরই ভারত-ইসরাইল সম্পর্কের নতুন যুগের সূচনা করেছিল।

ফোনালাপে দুই নেতা উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন।

একই সঙ্গে শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধিকে সামনে রেখে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান মোদি ও নেতানিয়াহু।

গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভারত-ইসরাইলের যৌথ বিবৃতিতে বলা হয়, প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির যৌথ লক্ষ্য অর্জনে উভয় প্রধানমন্ত্রী তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, ভারত ও ইসরাইলের সক্ষমতা পরস্পরের পরিপূরক। প্রযুক্তি ও উদ্ভাবনে ইসরাইল বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে মেধা, উন্নত উৎপাদনশিল্প ও উদ্যোক্তা শক্তির অন্যতম বড় কেন্দ্র ভারত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »