মাহমুদুর রহমান (তুরান),ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে সমাবেশস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
প্রস্তুতি সভায় অনুষ্ঠানের সার্বিক আয়োজন সুশৃঙ্খল, সফল ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এমপি শহিদুল ইসলাম বাবুল। সভায় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সি,কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আগামী দিনের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্ধারিত সমাবেশস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মাঠ পর্যায়ের প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন এবং কর্মসূচিকে একটি সফল গণজমায়েতে রূপ দিতে সকলকে একসাথে মাঠে থাকার আহ্বান জানান।
















