বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শ্রমিকদের চাপা দিলে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ছয়জন নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের কাজ করা হচ্ছে। আশপাশ থেকে লোকজন এসে ভিড় করছে। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।












