অনলাইন ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম প্রথমবারের মতো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালার আওতায় জারি হওয়া প্রথম বদলির চিঠি পেয়েছেন কুমিল্লার একটি আলিম মাদরাসার আলোচিত শিক্ষক খাইরুল ইসলাম।
কয়েক মাস আগে সহকর্মীর মারধরের শিকার হয়ে আলোচনায় আসা এই শিক্ষককে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার একটি মাদরাসায় বদলি করা হয়েছে।গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
বিভাগের উপসচিব মো. রাহাত মান্নানের সই করা ওই আদেশে বলা হয়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদরাসায় কর্মরত শিক্ষক খাইরুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদরাসায় বদলি করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬-এর বিধি ৩ দশমিক ১৯ অনুযায়ী এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে কর্মস্থলে কথা–কাটাকাটির একপর্যায়ে একই মাদরাসার শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে খাইরুল ইসলামকে একটি কক্ষে আটকে মারধরের অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের সামনেই তার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করার ঘটনাও ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই মাদরাসা থেকেই বদলির সুযোগ পেলেন খাইরুল ইসলাম।

















