• Home
  • দেশ
  • রাজশাহীতে বালুবাহী ড্রাম ট্রাকের দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু
Image

রাজশাহীতে বালুবাহী ড্রাম ট্রাকের দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর ও পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের দুর্ঘটনায় দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে, মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া মহল্লার রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮), তাঁর বড় ভাই স্বাধীন (২২) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. লিমন (২২)। মোহনপুর ফায়ার সার্ভিসের লিডার মো. রেজোয়ান মÐল জানান, মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বালুবাহী ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই রাতুল ও লিমনের মৃত্যু হয়। গুরুতর আহত স্বাধীনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়,আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে হাসপাতাল থেকে দুই ভাইয়ের মরদেহ বাড়িতে নেওয়া হয়। পরে একসঙ্গে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রাতুলের বাবা বাদী হয়ে মামলা করেন। এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। অপরদিকে,রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কে ড্রাম ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক দই ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে,উপজেলার আমহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক চাঁদ (৬০) চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত শুকচাঁদের ছেলে। তিনি দই ব্যবসার পাশাপাশি ভ্যান চালাতেন। পুলিশ জানায়, মানিক চাঁদ ভ্যান চালিয়ে বানেশ্বর থেকে চারঘাটের দিকে যাচ্ছিলেন। তাঁর ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন শিবলু। পথে আমহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রাজশাহীগামী একটি অজ্ঞাতনামা ড্রাম ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। আহত শিবলু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে পুঠিয়া থানা পুলিশ রাজশাহীর বেলপুকুর থানার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি উদ্ধার করে। রাত পৌনে ১১টার দিকে ট্রাকটি থানায় নেওয়া হয়। পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করেছে। ট্রাকটির কোনো নম্বরপ্লেট পাওয়া যায়নি। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »