স্পোর্টস ডেস্ক: সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো গায়ানা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির শিরোপা ধরে রাখল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্রভিডেন্সের গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ফাইনালে জয় পান মোহাম্মদ নবীরা।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এক সময় তাদের স্কোর ছিল মাত্র ২৯ রানে ৮ উইকেট। সেখান থেকে ম্যাথিউ ফোর্ডের ২৮ এবং ডোয়াইন প্রিটোরিয়াসের অপরাজিত ১৭ রানের লড়াকু ইনিংসে ভর করে ১৮.৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় ওয়ারিয়র্স। নবম উইকেটে ফোর্ড ও প্রিটোরিয়াস ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
সান ফ্রান্সিসকোর হয়ে তরুণ লেগ স্পিনার অনিরুদ্ধ ইমানুয়েল ৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া অভিজ্ঞ পেসার পিটার সিডল ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। ফ্যাবিয়ান অ্যালেনও গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন।
৮৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যাটিং ধসে পড়ে ইউনিকর্নসের। ইনিংসের প্রথম বলেই টিম রবিনসনকে ফেরান প্রিটোরিয়াস। এরপর গুডাকেশ মোতি, প্রিটোরিয়াস, মোহাম্মদ নবী ও ইমরান তাহিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
অলিভার পিকে সর্বোচ্চ ৩১ রান করে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। শেষদিকে ফ্যাবিয়ান অ্যালেন ও পিটার সিডল ৩৩ বলে ১৪ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত ৭৯ রানেই গুটিয়ে যায় সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের ইনিংস। ইনিংসের শেষ উইকেটটি আসে শিমরন হেটমায়ারের দুর্দান্ত সরাসরি থ্রোয়ে, যেখানে নন-স্ট্রাইকার প্রান্তে রানআউট হন ক্যালাম স্টো।
ওয়ারিয়র্সের হয়ে মোহাম্মদ নবী ১২ রানে ৩টি এবং ডোয়াইন প্রিটোরিয়াস ২৪ রানে ৩টি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ডোয়াইন প্রিটোরিয়াস। আর টুর্নামেন্টসেরা হন মোহাম্মদ নবী। পুরো আসরে তিনি সর্বোচ্চ ১০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩ রান করেন, যার মধ্যে গ্রুপ পর্বে একটি অপরাজিত ৪০ রানের ইনিংস ছিল।
তৃতীয় আসরের এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ছাড়াও অংশ নেয় ডেজার্ট ভাইপার্স, লাহোর কালান্দার্স এবং পার্থ স্কর্চার্স। এক মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানির এই আসরে শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

















