আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন। গতকাল শনিবার (১লা আগষ্ঠ) সকালে চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান তার শ্বশুড়বাড়ী হাঊসপুর গ্রামে বেড়াতে এসে শনিবার (১লা আগষ্ঠ) সকালে মাছ চাষের একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এসময় পৃকুরে পানি সেচের বৈদ্যুৎতিক পাম্পের তার পুকুরে পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে উদ্ধার করে বগুড়াতে চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনরা। তাকে উদ্ধারের সময় অন্তত আরো ৭ জন আহত হয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুর রহমানকে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।












