• Home
  • বিনোদন
  • ‘অমর প্রেম’ দিয়ে আলোচনায় পার্থ শেখও তটিনী, শুভেচ্ছা জানালেন তৌসিফ
Image

‘অমর প্রেম’ দিয়ে আলোচনায় পার্থ শেখও তটিনী, শুভেচ্ছা জানালেন তৌসিফ

‘অমর প্রেম’ নাটকের মাধ্যমে দর্শকদের প্রশংসার পাশাপাশি সহকর্মীদের ভালোবাসাও পেয়েছেন অভিনেতা পার্থ শেখ। রোববার রাতে সিএমভিতে নাটকটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নাট্যাঙ্গনের অনেক পরিচিত মুখ। ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, ফররুখ আহমেদ রেহান, পরিচালক ইমরাউল রাফাত ও রাফাত মজুমদারসহ অনেকেই নাটকটি এবং পার্থের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। নাট্যাঙ্গনে সহকর্মীদের এমন প্রকাশ্য প্রশংসা সচরাচর দেখা যায় না বলেই বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।

তানজিম সাইয়ারা তটিনীকে সঙ্গে নিয়ে ‘অমর প্রেম’ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ। নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। নাটকটি প্রচারের পর অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে লিখেছেন, “পর্দা আরও এক নতুন তারকা খুঁজে পেল। অভিনন্দন, ছোট ভাই! তোমার প্রাপ্য সকল সাফল্য, ভালোবাসা আর করতালির শুভকামনা রইল।” অন্যদিকে অভিনেতা ফারহান আহমেদ জোভান সংক্ষিপ্ত বার্তায় পার্থকে শুভকামনা জানিয়েছেন।

পরিচালক ইমরাউল রাফাত পার্থকে উদ্দেশ করে একটি খোলাচিঠি লিখে তাদের দীর্ঘ পথচলার স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, ২০২২ সালে পার্থকে প্রথম ফিকশনে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলেও সে সময় কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। পরে অভিনয়ে নিয়মিত হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিরতির পর নতুন করে শুরু করার জন্য পার্থকে শুভকামনা জানিয়ে রাফাত বলেন, দর্শক এবার তাদের প্রিয় ‘চকলেট বয়’-কে নতুনভাবে দেখতে পাবেন।

সহকর্মীদের এমন ভালোবাসায় আপ্লুত পার্থ শেখ জানান, নাটকটি প্রচারের রাতেই অসংখ্য শুভেচ্ছা ও প্রশংসার বার্তা পেয়েছেন। এত ভালোবাসা পেয়ে রাতভর জেগে ছিলেন বলেও মজা করে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ক্যারিয়ারে আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। বিশেষ করে তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভানের মতো সিনিয়র সহকর্মীদের প্রশংসা তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।

দীর্ঘ বিরতির পর ‘অমর প্রেম’ দিয়েই নিজের প্রত্যাবর্তনকে সফল মনে করছেন পার্থ। গত আট মাসে নতুন কোনো নাটক প্রচারে না আসার কারণ হিসেবে তিনি জানান, গতানুগতিক কাজের ভিড়ে হারিয়ে যেতে চাননি। সংখ্যার চেয়ে ভালো গল্প ও মানসম্মত কাজকেই তিনি প্রাধান্য দিতে চেয়েছেন। তার মতে, এই নাটকটি ছিল ‘ফেরার মতো ফেরা’। এখন থেকে নিয়মিত অভিনয়ে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনীর প্রশংসা করতেও ভোলেননি পার্থ। তিনি বলেন, কাজটি আরও ভালোভাবে করার জন্য তটিনী সবসময় সহযোগিতা করেছেন এবং চরিত্র নিয়ে গভীরভাবে ভাবনা-চিন্তা করেছেন। তাদের পারস্পরিক বোঝাপড়া ভালো হওয়ায় পর্দার রসায়নও স্বাভাবিকভাবে ফুটে উঠেছে।

এ ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পার্থ। তার মতে, ভালো কাজ তৈরির ক্ষেত্রে পুরো টিম আন্তরিক ছিল বলেই ‘অমর প্রেম’ দর্শকদের কাছে এতটা গ্রহণযোগ্যতা পেয়েছে। শাহরিয়ার সজিব ও জাহিদুল ইসলামের যৌথ রচনায় নির্মিত নাটকটি ইতোমধ্যে ৩৩ লাখের বেশি দর্শক দেখেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »