• Home
  • জাতীয়
  • পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
Image

পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিনের মাথায় বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২২ মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।

জানা গেছে, সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি সপরিবারে রাজধানীর গুলশান-১ নম্বরের ১২৩ নম্বর সড়কের ৪১ নম্বর ‘গ্রিন ভিলা’ ভবনের নিজের ফ্ল্যাটে উঠবেন। বঙ্গভবনে যাওয়ার আগে তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে গুলশানের এই ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটটিতে থাকতেন।

গত কয়েক দিন ধরেই বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির প্রয়োজনীয় ও পারিবারিক সরঞ্জাম ধাপে ধাপে গুলশানের এই ‘গ্রিন ভিলা’য় আনা হয়। নিজ ফ্ল্যাটে ওঠার পর চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে পারেন বলে জানা গেছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হওয়ায় ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন।

গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান তিনি। সেখানে অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখান। ‎পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার হাফিজ উদ্দিন। একই সঙ্গে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »