পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একজন সরকারী কর্মচারীর বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুজ্জামান সরকার নামে এক ভুক্তভোগী ।
অভিযুক্ত ওমর ফারুক দেবীগঞ্জ উপজেলার চরতিস্তাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দেবীগঞ্জ উপজেলার শেখবাঁধা মৌজার এসএ খতিয়ান নং-২৩১-এর দাগ নং-৪২৫৫-এর ৩২ শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসলেও কিছুদিন ধরে জমিটি ফাঁকা থাকায় অভিযুক্ত ওমর ফারুক সেটি জবরদখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১ জুলাই দিবাগত রাত থেকে ২ জুলাই ভোরের মধ্যে ওমর ফারুক কয়েকজন রাজমিস্ত্রি দিয়ে ওই জমিতে গরু পালনের জন্য ইট, বালু, সিমেন্ট ও কংক্রিটের পিলার ব্যবহার করে একটি সেড নির্মাণ করেন। বিষয়টি জানতে পেরে অভিযোগকারী ঘটনাস্থলে গেলে তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং মারমুখী আচরণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরিজীবী হওয়ায় চাকরির প্রভাব খাটিয়ে তাদের আইনি জটিলতায় ফেলার হুমকি দিয়েছেন।
অভিযোগকারী মো. আসাদুজ্জামান সরকার বলেন, “এটি আমাদের পৈতৃক সম্পত্তি। রাতের অন্ধকারে সেখানে গরুর সেড নির্মাণ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তবে রাতের আঁধারে স্থাপনা নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওমর ফারুক। তিনি বলেন, “জমিটি আসাদুজ্জামানদের, এটি ঠিক। তবে আমরা দিনের বেলায় ঘর নির্মাণ করেছি। বিষয়টি নিয়ে তারা আদালতে মামলা করেছে।”
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, অভিযোগ পাওয়ার পর তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, বাদীপক্ষ আদালতে ১৪৪ ধারায় আবেদন করেছেন। আদালতের নির্দেশনা বা সংশ্লিষ্ট কাগজপত্র থানায় পৌঁছালে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।















