করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পল্লবী থানার মামলায় ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানার পুলিশ।পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, তার বিরুদ্ধে ‘সিআর মামলার ওয়ারেন্ট’ রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে। ওসি বাসির বলেন, “আমরা তাকে আনতে যাচ্ছি, তাকে হাতে পেলে বিস্তারিত বলতে পারব।”
উল্লেখ্য, ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত এ রায় ঘোষণা করে।
৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।


















