যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইয়ের উত্তেজনার মাঝেই দর্শকদের জন্য আয়োজন করা হয় চোখ ধাঁধানো ১১ মিনিটের হাফটাইম শো। সঙ্গীত, নৃত্য ও তারকাদের উপস্থিতিতে জমে ওঠে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের মঞ্চ।
কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এই আয়োজনে পারফর্ম করেন বিশ্বখ্যাত পপ সংগীতের কিংবদন্তি ম্যাডোনা, কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং বার্না বয়। তাদের একের পর এক পরিবেশনায় স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক মুগ্ধ হন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ও রোনালদিনহোর উপস্থিতি। তাদের বিশেষ উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।
এরপর ভেনেজুয়েলার খ্যাতিমান সংগীত পরিচালক গুস্তাভো দুদামেল-এর নেতৃত্বে পরিবেশনা করে নিউইয়র্ক ফিলহারমনিক এবং সিমন বলিভার সিম্ফনি অর্কেস্ট্রা। অনুষ্ঠানের অংশ হিসেবে নরওয়ের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনও তুলে ধরা হয়।
জাস্টিন বিবারের পরিবেশনার আগে জনপ্রিয় টিভি চরিত্র টেড ল্যাসো-র ভূমিকায় হাজির হন অভিনেতা জেসন সুডেইকিস। তার সঙ্গে ছিলেন ব্রেন্ডান হান্ট, যিনি ‘কোচ বিয়ার্ড’ চরিত্রে দর্শকদের সামনে আসেন।
এছাড়া কোল্ডপ্লের সঙ্গে কণ্ঠ মেলায় পিএস২২ কোরাস। অনুষ্ঠানে আরও অংশ নেন ঘেট্টো কিডস ও ইমানুয়েল কেলি। শিশু-কিশোরদের প্রিয় দ্য মাপেটস-এর জনপ্রিয় চরিত্র কারমিট দ্য ফ্রগ ও মিস পিগি-ও শিল্পীদের সঙ্গে মঞ্চে যোগ দিয়ে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।
ফুটবলের বিশ্বসেরা হওয়ার লড়াইয়ের পাশাপাশি এমন বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন বিশ্বকাপ ফাইনালকে স্মরণীয় করে তুলেছে। মাঠের উত্তেজনার সঙ্গে সুর, আলো আর তারকাদের উপস্থিতি মিলিয়ে দর্শকদের জন্য এটি হয়ে ওঠে এক অনন্য বিনোদনের রাত।

















