ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্ম নেওয়া মার্কিন রেফারি ইসমাইল এলফাথ।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ৪৪ বছর বয়সী এলফাথ চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ এই রেফারির ক্যারিয়ারে যেমন প্রশংসা রয়েছে, তেমনি কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও আলোচনায় এসেছে। তবে আর্জেন্টিনার জন্য তিনি নতুন নন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চলতি বিশ্বকাপে এলফাথ নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং ব্রাজিল-নরওয়ের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তিন ম্যাচে তিনি আটটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। একমাত্র লাল কার্ডটি পেয়েছিলেন উরুগুয়ের আগুস্তিন কানোব্বিও।
বিশেষ করে স্পেন-উরুগুয়ে ম্যাচের পর তার রেফারিং নিয়ে সমালোচনা হয়। অভিযোগ ওঠে, তিনি ম্যাচের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং কয়েকটি কঠোর ফাউলের ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত নেননি। ব্রাজিল-নরওয়ে ম্যাচেও একটি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত পরে ভিএআরের মাধ্যমে পরিবর্তন করতে হয়।
মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া ইসমাইল এলফাথ ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে (অস্টিন) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান। পরে ২০০১ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রামের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় থাকা এলফাথ দীর্ঘদিন ধরে মেজর লিগ সকার (এমএলএস)-এ ম্যাচ পরিচালনা করছেন। এ কারণে লিওনেল মেসির ম্যাচও একাধিকবার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচেও তিনি প্রধান রেফারি ছিলেন।
বিশ্বকাপের পাশাপাশি কোপা আমেরিকা, কনকাকাফ গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এলফাথের। টোকিও ২০২০ অলিম্পিকে আর্জেন্টিনার একটি ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি।
এটি তার দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। কাতার ২০২২ বিশ্বকাপে তিনি পর্তুগাল-ঘানা, ক্যামেরুন-ব্রাজিল এবং জাপান-ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছিলেন।
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে ইসমাইল এলফাথকে সহায়তা করবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।



















