আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার সহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ৮টার দিকে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।
পুলিশ জানিয়েছে, গত শনিবার গভীর রাতে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রবিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে আদমদীঘি বাজার থেকে দুই চোরকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে, বগুড়া সদর এলাকার গোদারপাড়া বাজারে অবস্থিত এক ব্যাংক কর্মকর্তার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেন।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশ অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকাল সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।















