• Home
  • দেশ
  • আটকের পর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সালিশ; ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ ও অটো নেওয়ার অভিযোগ
Image

আটকের পর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সালিশ; ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ ও অটো নেওয়ার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের অটোচোরকে আটক করেছে জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে তাদের পঞ্চগড় বানিয়া পট্টি এলাকায় অবস্থিত অটোবাইক চালক শাখা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সেখানে চোরের বক্তব্যকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে চুরি হওয়া অটো ও অর্থ নেওয়ার অভিযোগ করেন। তবে অভিযুক্ত ইউপি সদস্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার (৮ জুলাই) পঞ্চগড় বানিয়া পট্টি এলাকায় অবস্থিত অটোবাইক চালক শাখা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তি হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকার আমিরুল ইসলামের ছেলে বাপ্পা রাজ। উপস্থিত লোকজনের সামনে তিনি দাবি করেন, তিনি দুটি অটো চুরির সঙ্গে জড়িত। তার ভাষ্য, “আমার কাছ থেকে একটি অটো রনকি মেম্বার নিয়ে গেছেন। গত ৮ জুলাই অটোর ব্যাটারি বিক্রি করে তাকে ২০ হাজার টাকাও দিয়েছি।” এ সময় অভিযুক্ত ইউপি সদস্যও সেখানে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রনকি প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বলেন, “গত দুই দিনে দুটি পৃথক টিম গঠন করে অটোচোরকে আটক করা হয়েছে। পরে তাদের নিয়ে শাখা কার্যালয়ে বসা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, বাপ্পা রাজ এক লাখ ১২ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল লিখে দেবেন, একটি সাদা চেকে স্বাক্ষর করবেন এবং ৪০ হাজার টাকা পরিশোধ করবেন। এছাড়া ইউপি সদস্য রনকি প্রধান ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা স্বীকার করেছেন।”

অটোবাইক চালক শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আলী বলেন, “আমরা ৪০ হাজার বা ৫০ হাজার টাকা বুঝি না। আমাদের চালকদের অটো চুরি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অটো কিনে দিতে হবে। তা হলে আমরা বিষয়টি বিবেচনা করব। বর্তমানে আটক ব্যক্তিরা আমাদের হেফাজতেই রয়েছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »