• Home
  • দেশ
  • পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে ব্যাহত উদ্ধার অভিযান
Image

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে ব্যাহত উদ্ধার অভিযান

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নামার পর একপর্যায়ে বকুল ইসলাম নিখোঁজ হয়ে যায়। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়।

পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।”

৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, “দুপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।”

সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর বকুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »