রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে পানিতে আগে থেকে পেতে রাখা কারেন্ট জাল থেকে মাছ সংগ্রহ করতে যান ইসমাইল। এ সময় আচমকা বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













