• Home
  • দেশ
  • চারঘাটে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার
Image

চারঘাটে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর চারঘাে উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী র‍্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এসময় তার মা দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে এজাহারনামীয় আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র‍্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে মামলার আসামি দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তর করেন র‌্যাব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »