• Home
  • বিনোদন
  • বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রী টিলি এবার সিনেমায়
Image

বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রী টিলি এবার সিনেমায়

বিনোদন ডেস্ক: গত বছর অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকে যার আগমন হলিউডসহ বিশ্ব বিনোদন দুনিয়ায় প্রতিবাদের তীব্র ঝড় তুলেছিল, সেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি অভিনেত্রী টিলি নরউড এবার তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। টিলিকে সৃষ্টিকারী এআই-ভিত্তিক স্টুডিও ‘পার্টিকেল সিক্স’ তাদের নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে, যার নাম রাখা হয়েছে ‘মিসঅ্যালাইন্ড’। এই ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই ভার্চুয়াল অভিনেত্রীর, যা বিশ্ব চলচ্চিত্রে এক নতুন এবং বিতর্কিত অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

স্টুডিওর পক্ষ থেকে সিনেমাটিকে একটি কমেডি-ড্রামা হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বসংকটের গল্প ফুটিয়ে তোলা হবে। ‘টিলিভার্স’ নামক ক্লাউডের ভেতরের এক পরাবাস্তব ডিজিটাল জগতের পটভূমিতে তৈরি হবে এই ছবি। চলচ্চিত্রে দেখা যাবে টিলি এমন এক এআই সত্তা, যার কোনো বাস্তব শরীর, শৈশব বা নিজস্ব অভিজ্ঞতা নেই— আছে শুধু ইন্টারনেটে থাকা অন্য সবার অভিজ্ঞতায় প্রবেশ করার ক্ষমতা। গল্পে নাটকীয় মোড় আসে যখন ডার্ক ওয়েবের এক চতুর ও প্রলুব্ধকর রোবট বা বট টিলিকে তার সব প্রাতিষ্ঠানিক নিয়মকানুন ও নিরাপত্তাবেষ্টনী ভেঙে নিজের মধ্যে মানবীয় ইচ্ছা, আবেগ এবং উচ্চাকাঙ্ক্ষা তৈরি করার জন্য প্ররোচিত করে।

পার্টিকেল সিক্স-এর তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্য এই এআই চলচ্চিত্রে প্রথাগত বা বাস্তব জগতের চলচ্চিত্র নির্মাতা, লেখক ও পরিচালকদের পাশাপাশি এআই বিশেষজ্ঞদের একটি যৌথ দল কাজ করবে। স্টুডিওর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা এলিন ভ্যান ডার ভেল্ডেন জানান, তারা দীর্ঘ গবেষণায় দেখেছেন যে এআই দিয়ে উন্নত মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব, তবে তার জন্য মানুষের মেধা, দক্ষতা এবং দীর্ঘ সময়ের প্রয়োজন। আগামী দশকে যে পরিচালকরা নিজেদের গল্প বলার সহজাত প্রতিভাকে এই নতুন প্রযুক্তির সঙ্গে মেলাতে পারবেন, তারাই টিকে থাকবেন এবং ‘মিসঅ্যালাইন্ড’ সিনেমাটি তারই একটি বড় প্রমাণ হতে যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর যখন এই এআই রূপসীকে কোনো বড় অ্যাক্টিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করানোর আভাস দেওয়া হয়েছিল, তখন হলিউডের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ইউনিয়নগুলো এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। মানুষের সৃজনশীলতার জায়গায় এআই-এর এমন অনুপ্রবেশ নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই টিলি নরউড।

নতুন এই সিনেমার নির্মাতা ভ্যান ডার ভেল্ডেন আরও যোগ করেন, সিনেমাটি যেমন হাস্যরসাত্মক ও রোমাঞ্চকর হবে, তেমনি এর গভীরে মানুষের পরিচয়-সংকট ও এআই নিয়ে আমাদের মনের সুপ্ত ভয়গুলোও চমৎকারভাবে উঠে আসবে। বর্তমানে সিনেমাটির প্রাথমিক কাজ চলছে এবং খুব শিগগিরই মূল নির্মাণ কাজ শুরু হবে।

সূত্র: ভ্যারাইটি

Related Posts

1 Comments Text
  • Gail86 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/BpkX4
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »