প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান ব্যয় এবং তীব্র বাজেট ঘাটতির কারণে প্রায় ১০ হাজার রিজার্ভ সেনাকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে ইসরাইল। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি জুলাই মাসের শেষ নাগাদ এ সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করছে ইসরাইলি সামরিক বাহিনী।
বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরাইলের সক্রিয় রিজার্ভ সেনার সংখ্যা প্রায় ৬০ হাজার। পরিকল্পনা অনুযায়ী ছাঁটাই কার্যকর হলে এই সংখ্যা কমে প্রায় ৫০ হাজারে নেমে আসবে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ইসরাইলের ইসরাইল হায়োম পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রতিরক্ষা বাজেটে শত শত কোটি শেকেলের ঘাটতি তৈরি হয়েছে। এই আর্থিক চাপ সামাল দিতেই ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে ইয়েদিওত আহরোনোত এবং ক্যালকালিস্ট জানিয়েছে, সম্ভাব্য এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের আশপাশের বসতিগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালনকারী রিজার্ভ সদস্যদের ওপর। এছাড়া সামরিক সদর দপ্তরের কিছু সদস্যও এ সিদ্ধান্তের আওতায় আসতে পারেন।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য চলছে। একাধিক আঞ্চলিক সংঘাতে জড়িত থাকায় সেনাবাহিনী প্রতিরক্ষা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ চাইলেও অর্থ মন্ত্রণালয় বাজেট ঘাটতির আশঙ্কায় সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছে।
তবে সর্বশেষ দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এই সমঝোতার আওতায় প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে। বিনিময়ে সেনাবাহিনীকে রিজার্ভ বাহিনীর ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি সামগ্রিক পরিচালন ব্যয়ও হ্রাস করতে হবে।


















