রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. গোলাম কিবরিয়া।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক পৌর কমিশনার রফিকুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মোট ২৮৯টি স্থায়ী ও ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। দিনব্যাপী এ কর্মসূচিতে সিংড়া উপজেলার প্রায় ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনকালে উপ-সচিব মো. গোলাম কিবরিয়া বলেন, শিশুদের অন্ধত্ব রোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টিহীনতাজনিত মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে তিনি সকল অভিভাবককে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।












