• Home
  • দেশ
  • সিংড়ায় প্রায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ
Image

সিংড়ায় প্রায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

রাকিবুল ইসলাম,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, রাসায়নিক ও জৈব সার এবং বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমের আওতায় উপজেলার মোট ৫ হাজার ৮৭০ জন কৃষক এই সুবিধা পাচ্ছেন।

রোববার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কৃষি হলরুমে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান এবং উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হিরাদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার জন কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়েছে। এছাড়া ৮২০ জন কৃষককে ৫টি করে ফলজ গাছের চারা ও ৪০ কেজি করে জৈব সার এবং ৫০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা ও ৮ কেজি করে জৈব সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »