পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফলের প্রদর্শনী, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষকদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়েছে।
আয়োজকরা জানান, ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জেলার বিভিন্ন কৃষক, ফলচাষি, উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা ধরনের স্টল স্থান পেয়েছে।
মেলাটি ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা করছেন, এ মেলা ফল চাষে আগ্রহ বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে।

















