আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলার প্রত্যন্তপল্লী বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে থানা পুলিশের উদ্যোগে এক সচেতনতামুলক সভা করা হয়েছে। সভায় বাল্য বিয়ে, আত্মহত্যা, অপহরণ, মোবাইল ফোনের অপব্যবহার ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।
জানা গেছে, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, হয়রানি বা অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রæত অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস.এম জুয়েল রানা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে শিক্ষার্থীদের মানষিক ও সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত করেন।
















