• Home
  • খেলা
  • ইরাককে উড়িয়ে শেষ ৩২-এ ফ্রান্স, জোড়া গোলে ইতিহাস ছুঁলেন এমবাপ্পে
Image

ইরাককে উড়িয়ে শেষ ৩২-এ ফ্রান্স, জোড়া গোলে ইতিহাস ছুঁলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত নৈপুণ্যে ইরাককে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর পঞ্চম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিল গত আসরের রানার্সআপরা।

সোমবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। ম্যাচের ১৪তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা।

বৈরী আবহাওয়ার কারণে বিরতির পর প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। পরে ম্যাচ পুনরায় শুরু হলে আবারও আলো ছড়ান এমবাপ্পে। ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার পাশে জায়গা করে নেন তিনি। দুজনেরই গোল সংখ্যা এখন ১৬। এই তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, যার গোল সংখ্যা ১৮।

দ্বিতীয় গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণে ইরাককে চাপে রেখে উসমান দেম্বেলের গোলে ব্যবধান ৩-০ করেন তারা। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

এদিকে এই জয়ের মাধ্যমে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও স্পর্শ করেছেন একটি অনন্য রেকর্ড। বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ ১৬ জয়ের রেকর্ডে তিনি এখন জার্মানির সাবেক কোচ হেলমুট শ্যোনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়েকে হারাতে পারলে ১৭ জয় নিয়ে এককভাবে রেকর্ডের মালিক হবেন দেশম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »