রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই কলেজ গেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া দিয়ে ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর, আদাবর এবং ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।
এই অভিযানের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সংবাদমাধ্যমকে জানান, “কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”











