• Home
  • প্রচ্ছদ
  • দেশীয় অর্থায়নে ‘তিস্তা মেগা প্রকল্প’ বাস্তবায়ন করা হবে, সম্ভাব্য খরচের কথা জানালেন মন্ত্রী
Image

দেশীয় অর্থায়নে ‘তিস্তা মেগা প্রকল্প’ বাস্তবায়ন করা হবে, সম্ভাব্য খরচের কথা জানালেন মন্ত্রী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি-পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এবং দেশি-বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে এই ‘তিস্তা মেগা প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বিশেষ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে এটি বাস্তবায়িত হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই এই কাজের সার্বিক অগ্রগতি তদারকি করছেন।

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারেজ’ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিস্তার দুঃখ তিনি দূর করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সেই প্রতিশ্রুতি রক্ষায় ইতিমধ্যে একাধিক কমিটি গঠন করে দিয়েছেন।’

তিনি আরও জানান, প্রকল্পের প্রাথমিক সমীক্ষা ও সমীকরণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল এই প্রকল্পটির রূপরেখা তৈরিতে কাজ করছেন। আগামী দুই-এক মাসের মধ্যেই এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

তিস্তা ব্যারেজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি, রোকন উদ্দিন বাবুল এমপি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটানোর লক্ষ্যে তিস্তা সেচ প্রকল্পের সূচনা করেছিলেন। আজ তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কেবল নদী শাসন বা ভাঙন রোধের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শুষ্ক মৌসুমে কীভাবে নদীটিতে পর্যাপ্ত পানি ধরে রাখা যায়, সেই স্থায়ী ব্যবস্থাও এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।’

মতবিনিময় শেষে মন্ত্রী তিস্তা তীরবর্তী নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন। এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিস্তা মেগা প্রকল্পের কারিগরি দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »