• Home
  • জাতীয়
  • কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয় স্থাপনসহ যত প্রত্যাশা কক্সবাজারবাসীর
Image

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয় স্থাপনসহ যত প্রত্যাশা কক্সবাজারবাসীর

পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। জানা গেছে, সেখানে খাল খনন, বৃক্ষরোপণসহ বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১২টায় সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।

সূচি অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুর দেড়টায় সেখান থেকে রওনা দিয়ে তিনি দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেল সাড়ে ৩টায় তিনি পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

জনসভা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন।

একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, কক্সবাজারের গুরুত্ব ও সম্ভাবনা বিবেচনায় তিনি বিশেষ কোনো ঘোষণা দেবেন। ইতোমধ্যে একগুচ্ছ দাবি তুলেছেন স্থানীয়রা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »