Image

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার বাস ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের বৈঠক শেষে নতুন ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার ও মহানগর রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়বে। ফলে রাজধানীসহ বিভিন্ন মহানগর ও দূরপাল্লার রুটে যাত্রীদের আগের তুলনায় বাড়তি ভাড়া গুনতে হবে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সচিবালয়ে বলেন, ‘সরকারি হিসাব অনুযায়ী ২০ পয়সা বাড়ে। জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা হয়। মালিকরা বিআরটিএ’র সাথে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই তারা ৩ পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।’

তিনি আরও বলেন, ‘ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের বার্ডেন। সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ ভাড়া বাড়িয়ে থাকলে মালিক সমিতি তাদের শাস্তির ব্যবস্থা করবে। প্রশাসনিকভাবে এবং সমিতিগত দুইভাবেই তাদের বিষয়টি দেখা হবে।’

এর আগে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। অর্থাৎ, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করে সড়ক পরিবহন মালিক সমিতি।

এর আগে, গত রোববার দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে প্রতি লিটার জ্বালানির সর্বোচ্চ দর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »