• Home
  • প্রচ্ছদ
  • আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু: মহিলা পরিষদ
Image

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু: মহিলা পরিষদ

গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে আগস্ট মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের তথ্য সংকলন করা হয়েছে।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী।ধর্ষণের ঘটনায় ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী।

তাদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর এক কন্যাশিশুসহ দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন।

তাদের মধ্যে ২৪ জন কন্যাশিশু। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন, যার মধ্যে ১২ জন কন্যাশিশু। অন্যদিকে উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৯ জন, যাদের মধ্যে ৮ জন কন্যাশিশু।এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন সাতজন। তাদের মধ্যে চারজন কন্যাশিশু।

মহিলা পরিষদের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »