কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে করণীয় নির্ধারণে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কাউনিয়া প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, রংপুরের এমআরএসসি কো-অর্ডিনেটর মাহমুদ জামান।
সভায় বক্তব্য দেন প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও ‘প্রত্যাশার আলো’ পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, আলহাজ¦ তবারক আলী, সোলায়মান মিয়া, রওশনারা রত্না, তথ্য ও প্রচার সম্পাদক জহির রায়হান, সদস্য নাজমুল হাসান, রওশনারা, রহমতউল্লাহ, ইমাম আলহাজ মাওলানা আব্দুল কুদ্দুস এবং উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমুখ।
সভায় অভিবাসনের বিভিন্ন বাধা উত্তরণ, নিরাপদ অভিবাসন এবং বিদেশ থেকে ফিরে আসা অভিবাসীদের পুনরেকত্রীকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা হয়। এ সময় প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা উন্মুক্ত আলোচনায় উপজেলার অভিবাসনের বাস্তব চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, বিদেশগামী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অনেক সময় বিদেশে কর্মসংস্থান, অভিবাসন প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে যথাসময়ে সঠিক তথ্য পান না। অপর্যাপ্ত তথ্যের কারণে বিদেশগামী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং অভিবাসীদের অধিকার ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় দেশে ও বিদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।
এছাড়া বিদেশে বিপদাপন্ন অবস্থায় থাকা অভিবাসীদের উদ্ধার ও পুনর্বাসনে প্রায়ই সহযোগিতার প্রয়োজন হয়। বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসা অনেক অভিবাসী আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। তাদের জন্য সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নিরাপদ বিদেশগমন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় সেবা প্রদান এবং প্রচার-প্রচারণায় স্থানীয় পর্যায়ের কমিউনিটি ফোরামগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসবন্ধু ফোরামের মতো সংগঠনগুলো সাধ্যমতো তথ্য ও সেবা প্রদানের মাধ্যমে বিদেশগামী এবং বিদেশফেরত মানুষকে নিরাপদ অভিবাসনে উৎসাহিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও টেকসই পুনরেকত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশে ও দেশের বাইরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এর মধ্যে মাইগ্রেশন প্রোগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি।
















