• Home
  • রাজনীতি
  • বিগত সময়ে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী আজাদ
Image

বিগত সময়ে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে: প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি: বিগত সময়ে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।এই সঙ্কট থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবেও জ্বালানী ও বিদ্যুৎ খাতে সঙ্কট তৈরি হয়েছে। এই সঙ্কট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন , এমন পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ইতোমধ্যে কাজ করছে। বর্তমান সঙ্কট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং এ জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা ও চেয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করে তিনি আর বলেন এ জন্য বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যক্তি, সমষ্টিগত উদ্যোগ ও বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশার কথা জানান তিনি।

পরে জাতীয় মৎস্য পক্ষ দিবসের আলোচনা সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাছ দেশের মানুষের জন্য খুবই নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। ফলে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে।

পঞ্চগড় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে.এম. আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।এর আগে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »